গোপালগঞ্জে ছাত্র-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস থেকে একজন কলেজছাত্রকে ফেলে দেওয়ার ঘটনা কেন্দ্র করে গোপালগঞ্জের গোপীনাথপুরে গতকাল রোববার কাজী জহুরুল হক কলেজের শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অর্ধশত মানুষ আহত হয়।কলেজের শিক্ষার্থীরা জানান, সকালে পরীক্ষা দেওয়ার জন্য কাজী জহুরুল হক কলেজের ছাত্র রাসেল শরিফ একটি লোকাল বাসে ওঠেন। বাসের শ্রমিকদের সঙ্গে ভাড়া নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে চলন্ত বাস থেকে লাথি মেরে শ্রমিকেরা রাস্তায় ফেলে দেন। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শিক্ষার্থীরা কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা প্রথমে একটি বাস ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের হটানোর চেষ্টা চালায়। শিক্ষার্থী ও পুলিশের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে সংঘর্ষ বাধে। পুলিশ লাঠি ও ঢাল নিয়ে এবং শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। থেমে থেমে অবরোধ ও সংঘর্ষ চলাকালে আরও পাঁচ-ছয়টি বাস ভাঙচুর করেন শিক্ষার্থীরা।ইটের ও কাচের আঘাতে আহত হন সাত-আটজন বাসযাত্রী। ইটের আঘাতে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিনসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ কলেজ ক্যাম্পাস ঘিরে ফেলে। এ সময় পুলিশ শ্রেণীকক্ষে ঢুকে লাঠিপেটা শুরু করে। বেশ কয়েকজন ছাত্রীকেও মারধর করা হয়।কলেজের কয়েকজন শিক্ষক জানান, পুলিশ শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও বেধড়ক মারধর করে। এ সময় পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্রীরা চিৎকার করে কাঁদতে থাকেন। কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ পরে শ্রেণীকক্ষে ঢুকে যে ঘটনা ঘটিয়েছে, তা ন্যক্কারজনক। এর দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন জানান, ছাত্ররা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করায় চার-পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত। সমঝোতা বৈঠক চলছে।