গোপালগঞ্জে ছাত্রলীগের ৫০ নেতা-কর্মী ছাত্রদলে
গোপালগঞ্জের সরকারি নজরুল কলেজ ছাত্রছাত্রী সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছাত্রলীগের কার্তিক বিশ্বাস ৫০ জন নেতা-কর্মী নিয়ে ছাত্রদলে যোগদান করেছেন। গতকাল রোববার বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে দলের নেতাদের হাতে একগুচ্ছ রজনীগন্ধা তুলে দিয়ে তাঁরা ছাত্রদলে যোগদান করেন।জেলা ছাত্রদলের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক এম মুনসুর আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক, পৌর বিএনপির সভাপতি আবুল হাসান, প্রমুখ। অনুষ্ঠানে কার্তিক বিশ্বাসসহ যোগদানকারী নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলামসহ ছাত্রদলের নেতারা। যোগদান অনুষ্ঠানে কার্তিক বিশ্বাস বলেন, ‘সংগঠনের ভেতরে আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলাম।’এদিকে সরকারি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি বিধান বালা জানান, এক মাস আগে ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) বিজয় রায়কে জিএস কার্তিক বিশ্বাস মারধর করেন। এ কারণে তাঁকে মৌখিকভাবে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া এই ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি মামলাও করা হয়। এ কারণে তিনি দল ত্যাগ করে থাকতে পারেন।