গোপালগঞ্জে ছিরু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে চাঞ্চল্যকর সিরাজুল হক ছিরু হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ এ রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের জাকারিয়া সাবু (৪০) আলীউজ্জামান ওরফে খোকন মাস্টার (৩৮) শাহাদাত হোসেন (৪২), হেমায়েত উদ্দিন (৩৯) ও শাহজাহান (৪০)। এর মধ্যে জাকারিয়া সাবু ও শাহজাহান পলাতক আছেন।
যাবজ্জীবন দণ্ড পাওয়া ১৭ জনের মধ্যে হাসান নামের এক ব্যক্তি পলাতক আছেন।
১০ বছরের দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন হাসান, ফজু ও শাহআলম। তাঁদের প্রত্যেকের ওই দণ্ডাদেশ ছাড়াও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ১৬ অক্টোবর দণ্ডপ্রাপ্তরা পূর্বশত্রুতার জের ধরে কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দী গ্রামের ব্যবসায়ী সিরাজুল হক মোল্লাকে মসজিদে জুমার নামাজ আদায় শেষে নৌকায় করে বাড়ি ফেরার সময় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী আমেনা বেগম কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা করেন।
এ মামলায় ১২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেন আদালত।