গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলার ঘটনায় করা মামলার ছয় আসামিকে গতকাল বুধবার দুপুরে আদালতে হাজির করা হয়। আসামিরা হলেন আমীর খান, কামরুজ্জামান, মাওলানা আলী আহম্মেদ, বেল্লাল হোসেন, রায়হান সিকদার ও আবুল হোসেন। পুলিশ জানায়, তাঁরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা-কর্মী। আদালত সূত্র জানায়, নিয়মিত হাজিরার অংশ হিসেবে গতকাল ওই ছয়জনকে ঢাকা কেন্দ্রীয় ও কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে মুকসুদপুর অঞ্চলের বিচারিক হাকিম গাজী জমসেদুল হকের আদালতে আনা হয়। আদালত আগামী ২৮ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) গোপালগঞ্জ কার্যালয়ের পরিদর্শক আকতারুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। অভিযোগপত্র দ্রুত দাখিল করা হবে। ২০০১ সালের ৩ জুন বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলা হয়। এতে ১০ জন নিহত ও অর্ধশত মানুষ আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মুকসুদপুর থানায় বিস্ফোরক ও হত্যাসংক্রান্ত দুটি মামলা করে। পরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। কিন্তু সংস্থাটি বার বার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে। এ ছাড়া বিগত বিএনপি সরকারের আমলে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। এসব কারণে মামলার তদন্ত পিছিয়ে পড়ে।