গোপালগঞ্জে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট নিয়ে নারীর মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার শিখা রানী ঠাকুর (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছে প্রশাসন।
শিখা রানী ঠাকুর উপজেলার উজানী ইউনিয়নের টিকারডাঙ্গা গ্রামের গোপাল ঠাকুরের স্ত্রী। তিনি নিজ এলাকায় মন্দিরভিত্তিক একটি স্কুলের শিক্ষক ছিলেন। বুধবার দুপুরে তিনি নিজের বাড়িতেই মারা যান।
স্বাস্থ্য বিভাগ ও পরিবার সূত্রে জানা গেছে শিখা রানী ঠাকুর গত কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। উপসর্গগুলো করোনোভাইরাসের মতো হলেও তাঁকে হাসপাতালে নিয়ে যাননি স্বজনেরা। এ অবস্থায় বুধবার শারীরিক অসুস্থতা আরও বেড়ে যায়। দুপুরের দিকে নিজ বাড়িতে মারা যান শিখা রানী।
গোপালগঞ্জের সিভিল সার্জন চিকিৎসক নিয়াজ মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ওই নারীর করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। তাই বুধবার সন্ধ্যায় নমুনা সংগ্রহ করেছেন তাঁরা। পরীক্ষার প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
এর আগে জেলার কাশিয়ানী উপজেলার একটি গ্রামে এক নারী ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপর এক নারী করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে মারা যান।