গোপালগঞ্জে টিফিন খেয়ে ২০০ ছাত্রী অসুস্থ
গোপালগঞ্জ সরকারি বীণাপাণি বালিকা উচ্চবিদ্যালয়ে টিফিন খেয়ে প্রায় ২০০ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের দেওয়া টিফিন খেয়ে এসব ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ১৫০ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ও বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনার পর বিদ্যালয়ের টিফিন সরবরাহকারী ‘ভাই ভাই’ বেকারির মালিক হেকমত কাজী, ব্যবস্থাপক জিকরুল, কর্মচারী রায়হান ও শাকিলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে হেকমত কাজী ও জিকরুলকে তিন মাস করে কারাদণ্ড ও দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রায়হান ও শাকিলকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে দুই মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মতিন এ রায় দেন। বেকারিটি সিলগালা করে দেওয়া হয়েছে।
টিফিন খেয়ে অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রী নুসরাত জাহান, ফারজানা ইয়াসমিন, লিয়া ও তামান্না জানায়, সকাল ১০টার দিকে প্রভাতী শাখার ৪৩৫ জন শিক্ষার্থীকে এক টুকরা করে কেক ও একটি বিস্কুট টিফিন দেওয়া হয়। কেক খাওয়ার পর তাদের মাথা ঘোরা, বমি ও পেট ব্যথা শুরু হয়। একে একে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে থাকে। এ সময় স্কুল থেকে অভিভাবকদের খবর দিয়ে বেশ কয়েকজনকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে অসুস্থ ছাত্রীর সংখ্যা বাড়তে থাকলে অ্যাম্বুলেন্স ও সরকারি গাড়িতে করে তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।
প্রধান শিক্ষক ইমরান আলী জানান, টিফিনে দেওয়া কিছু কেক সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসিত মল্লিক বলেন, চিকিৎসা নিতে আসা কেউ কেউ পেটের ব্যথায় ভুগেছে, বমি করেছে। কোনো কোনো ছাত্রীকে শ্বাসকষ্টের কারণে অক্সিজেন দিতে হয়েছে। গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত হাসপাতালে ৬৩ জন ছাত্রী ভর্তি ছিল।শহরতলির ঘোষেরচর গ্রামে বেকারির মালিক হাসমত কাজীর বাড়িতে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান শেখ হাসিনাকে হত্যাচেষ্টায় ব্যবহূত দুটি বোমা বানিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ-সংক্রান্ত মামলায় সে সময় হাসমত কাজীকে পুলিশ গ্রেপ্তার করেছিল।