ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত ৪
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আজ মঙ্গলবার ট্রাক ও নসিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন।
সকাল পৌনে সাতটার দিকে উপজেলার গোহালা ইউনিয়নের চরপ্রসন্নদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে একজন পথচারী, অন্য তিনজন নসিমনের যাত্রী ছিলেন।
এ দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্য চারজনকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কানাই ওঝা (৩০) ও মিরাজুল (৩৫), গোপালগঞ্জ জেলার সদর উপজেলার কামনা বিশ্বাস (২৫) ও মুকসুদপুর উপজেলার নোয়া খান (৫৫)। এঁদের মধ্যে প্রথম তিনজন নসিমনের যাত্রী ছিলেন, শেষের জন পথচারী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মুরগির খাবারবাহী ট্রাকটি ফরিদপুর থেকে বরিশাল যাচ্ছিল। যাত্রীবাহী নসিমনটি মাদারীপুরের টেকেরহাট থেকে গোপালগঞ্জের মুকসুদপুরের রাঘদী ইউনিয়নে যাচ্ছিল। মুকসুদপুরের চরপ্রসন্নদী এলাকায় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও সাতজন আহত হন।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তুষার কুমার মিত্র বলেন, ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশ। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও তাঁর সহযোগী পালিয়েছেন।