গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধের জের ধরে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং বাসশ্রমিকেরা গতকাল বুধবার জেলার ঢাকা-খুলনা মহাসড়কের দুটি পৃথক স্থানে ছয় ঘণ্টা অবরোধ করে রাখেন। এ কারণে মহাসড়কের দুই পাশে সহস্রাধিক যান আটকা পড়ে। দুর্ভোগে পড়ে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। সকাল ১০টায় পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা সদর উপজেলার চন্দ্রদীঘলিয়ায় সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা ছয়টি লোকাল বাস ভাঙচুর করেন। এ ঘটনার প্রতিবাদে বাসশ্রমিকেরা বেলা ১১টা থেকে গোপালগঞ্জ পুলিশ লাইন মোড়ে ওই মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। ইনস্টিটিউটের ছাত্ররা জানান, সোমবার সন্ধ্যায় ওই প্রতিষ্ঠানের ছাত্রদের সঙ্গে বাসভাড়া নিয়ে একটি বাসের সুপারভাইজারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বাসের শ্রমিকেরা তিন ছাত্রকে মারধর করে চলন্ত বাস থেকে ফেলে দেন। এর প্রতিবাদে পরের দিন মঙ্গলবার ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক আবরোধ করে রাখেন। পরে প্রশাসনের মধ্যস্থতায় তাঁরা অবরোধ তুলে নেন। গতকাল সকাল ১০টায় পলিটেকনিক ইনস্টিটিউটে বিষয়টি নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ওই স্থানে না হয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৈঠক হওয়ায় ছাত্ররা উত্তেজিত হয়ে অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করেন। পরে তাঁরা চন্দ্রদীঘলিয়ায় ওই মহাসড়ক অবরোধ করেন। গতকাল সন্ধ্যায় গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বলেন, ‘ছাত্র ও শ্রমিকদের কাছে আমরা সময় চেয়েছি। বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে বিকেল চারটার দিকে তারা অবরোধ তুলে নেয়।’