গোপালগঞ্জে তিন ছিনতাইকারীকে গণপিটুনি
গোপালগঞ্জের হরিদাসপুর সেতু এলাকায় গত মঙ্গলবার রাতে তিন ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।ছিনতাইকারীরা হলো শাহীন খান (১৫), বিনয় হীরা (১৬) ও সজীব শেখ (১৭)। তাদের বাড়ি শহরের মোহাম্মদপাড়ায়। বিনয় হীরা ও সজীব শেখকে আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি ছোরা উদ্ধার করেছে।গোয়েন্দা পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে কাশিয়ানী উপজেলায় বিশেষ অভিযান শেষে পুলিশের একটি দল গোপালগঞ্জ শহরে ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর সেতু এলাকায় ছিনতাইকালে ওই তিনজনকে ধাওয়া করে। তখন স্থানীয় লোকজন তাদের ধরে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, ছিনতাইকারীরা বিডি ফুডের সেলস রিপ্রেজেন্টেটিভ ইমদাদুল হকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করছিল।