গোপালগঞ্জে তিন হাজার বছর আগের কুমিরের মাথা উদ্ধার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুর খনন করতে গিয়ে কুমিরের মাথা, বন্য মোষের দাঁত, মাটির মূর্তি ও ব্যবহার্য বিভিন্ন আকৃতির মাটির বাসন পাওয়া গেছে। গত ৫ এপ্রিল কোটালীপাড়া উপজেলা সদরে ভূমি কার্যালয়ের পেছনে পুকুর খনন করতে গিয়ে শ্রমিকেরা এসব জিনিস দেখতে পান। বর্তমানে এসব হাড়গোড় ও তৈজসপত্র কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির মাহমুদের কাছে রক্ষিত আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মোজাম্মেল হক ও সহযোগী অধ্যাপক সিমা হক ছবি দেখে এসব জিনিস শনাক্ত করেছেন। ইউএনও কবির মাহমুদ জানান, প্রায় ২০ ফুট গভীরে পুকুরটি খনন করতে গিয়ে আরও তিন ফুট নিচে এঁটেল মাটির স্তরে মাটির মূর্তি ও বাসন এবং তারও নিচে কালো মাটির স্তরে কুমিরের মাথা ও বন্য মোষের দাঁত পাওয়া গেছে। শিক্ষক মোজাম্মেল হক বলেন, আকৃতি, প্রাপ্তিস্থান ও স্তর দেখে ধারণা করা হচ্ছে, কুমিরটির বয়স কমপক্ষে তিন হাজার বছর। বন্য মোষের বয়সও একই।