গোপালগঞ্জে দুই তরুণী এসিড সন্ত্রাসের শিকার
গোপালগঞ্জে ঊষা বিশ্বাস ও রিতা বাড়ৈ নামে দুই তরুণী এসিড-সন্ত্রাসের শিকার হয়েছে। সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। এসিডদগ্ধ উষার বাবা মন্মথ বিশ্বাস বৃহস্পতিবার এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় বিষ্ণু নামে এক যুবকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও এসিডদগ্ধ তরুণীদের পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রাম্য ডাক্তার মম্মথ বিশ্বাসের সহকারী আশীষ বিশ্বাস উষাকে প্রেম নিবেদন করে ব্যর্থ হন। এতে আশীষ ক্ষিপ্ত হন। বুধবার রাত নয়টার দিকে ঊষা (১৭) ও তার ভাগ্নি রিতা বাড়ৈ (১৫) ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। তখন ঘরের দরজা খোলা ছিল। এ সময় আশীষ ঘরে ঢুকে তাদের ওপর এসিড ছুড়ে মেরে পালিয়ে যান। এসিডে তাদের মুখ, বুক ও পিঠ ঝলসে গেছে। ঘটনার পরপরই তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঊষার মা পুষ্প রাণী বিশ্বাস বলেন, ঊষাকে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে আশীষ তার ওপর এসিড নিক্ষেপ করেছে। গোপালগঞ্জ সদর হাসপাতালে সার্জারি বিভাগের চিকিত্সক অনুপ কুমার মজুমদার ওই দুই তরুণীর এসিডে ঝলসে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় আশীষ ও তাঁর ভাই বিষ্ণু বিশ্বাসকে আসামি করে উষার বাবা মামলা করেছেন। বিষ্ণুকে গ্রেপ্তার করা হয়েছে। আশীষ পালাতক রয়েছেন।