গোপালগঞ্জে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে আহত ৫০
গোপালগঞ্জে বিবদমান দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩২টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের ২২টি শেল নিক্ষেপ করে।গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে।সদর থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, সকাল ১০টার দিকে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বুলবুল ইসলাম-পক্ষের ফকিরকান্দি গ্রামের মান্নাকে শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি সাইদুর রহমানের সমর্থকেরা মারধর করে। এ খবর ফকিরকান্দি এলাকায় ছড়িয়ে পড়ার পর বেলা সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের চার-পাঁচ শ সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়।খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহত ব্যক্তিদের মধ্যে ৩৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাইদুর রহমান অভিযোগ করেন, ‘গত সোমবার বুলবুলের ক্যাডার মান্না আমাদের একজন শ্রমিককে রামদা নিয়ে ধাওয়া করেছিল। আজ তাকে পেয়ে আমাদের লোকজন মারধর করে। এ ঘটনার জের ধরে বুলবুলের লোকজন ফকিরকান্দি গ্রামের কয়েকটি বাড়িতে হামলা করে।’পাল্টা অভিযোগ করে বুলবুল ইসলাম বলেন, ‘সাইদুরের পক্ষের লোকজন বাস থেকে চাঁদা আদায় করছে। আমরা এর প্রতিবাদ করে আসছি। এ কারণে তারা আমাদের ওপর ক্রমাগত হামলা করে আসছে। আজ তাদের লোকজন পরিকল্পিতভাবে মান্না নামের একজন শ্রমিককে মারধর করে। এর আগে থেকেই তারা সংঘর্ষের প্রস্তুতি নিয়েছিল। প্রতিবাদ করতে গেলে আমাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়।’মিজানুর রহমান বলেন, বাসের চাঁদা তোলা ও বাসস্টান্ডের আধিপত্য নিয়ে ওই দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর আগে তাদের নিয়ে একাধিকবার বৈঠক করা হলেও কোনো সমঝোতা হয়নি। সংষর্ষে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, এর আগে ওই দুই পক্ষের মধ্যে আরও তিনবার সংঘর্ষের ঘটনা ঘটে।