গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
বিয়ের অনুষ্ঠানে দাওয়াত করা নিয়ে গত শনিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠিবাজারে দুই পক্ষ গ্রামবাসীর মধ্যে আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পাঁচ পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস, ফাঁকা গুলিবর্ষণ ও লাঠিপেটা করে। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।আহত ব্যক্তিদের মধ্যে টেঁটাবিদ্ধ পলাশ শেখকে (২০) আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া সাইদ সিকদার (৪২), ইউসুফ শেখ (১৮) ও মো. জুয়েল মিনাকে (১৪) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, গত শুক্রবার দুপুরে খানারপাড় গ্রামের লুৎফর মোল্লার মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে কাঠিগ্রামের পলাশ শেখকে দাওয়াত করায় একই গ্রামের নিজাম মোল্লার সঙ্গে কনের ভাই সাদ্দাম মোল্লার কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যায় কাঠিবাজারে খানারপাড় ও তেলিগাতি গ্রামের লোকজন কাঠিগ্রামের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। পরে লাঠিপেটা করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তেলিগাতি, খানারপাড় ও কাঠিগ্রামের দাঙ্গাবাজদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।