গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুরে গতকাল দুপুরে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া দুই বাসের একটি l ছবি: প্রথম আলো
গোপালগঞ্জের মুকসুদপুরে গতকাল দুপুরে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া দুই বাসের একটি l ছবি: প্রথম আলো

গোপালগঞ্জের মুকসুদপুরে গতকাল সোমবার দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে পাঁচজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। একই দিন বগুড়ার শাজাহানপুরে পণ্যবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

গত রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও চারটিজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ নিয়ে গত ১২৬ দিনে বিভিন্ন জেলায় সড়কে প্রাণ হারান ১ হাজার ১০১ জন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

গোপালগঞ্জের মুকসুদপুরের ছাগলছিড়া এলাকায়গতকাল দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নারীসহ নিহত হন পাঁচ যাত্রী। তাঁরা হলেন আবদুল আজিজ (৭০), আবুল সিকদার (৫০), করিম সরদার (২৫), মুন্নী আক্তার (১৮) ও কাউসার (১২)। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা, রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বরিশাল থেকে ঢাকাগামী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী গোল্ডেন লাইন পরিবহনের বাসের এই সংঘর্ষে দুটি বাসই দুমড়েমুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন বিআরটিসি বাসের চালক আবুল ও যাত্রী মুন্নী। হাসপাতালে মারা যান দুজন।

বগুড়ার শাজাহানপুরের ফটকি ব্রিজ এলাকায় গতকাল সকালে ঢাকা-রংপুর মহাসড়কে পণ্যবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হন। গুরুতর আহত তিনজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন নওগাঁর পত্নীতলার আলপাখা গ্রামের আবদুর করিম (৫০) ও মোখলেছুর রহমান (৩৫)। নিহত অন্য ব্যক্তি একটি ট্রাকের চালক হতে পারেন বলে পুলিশ ধারণা করছে।

রাজশাহীর বাগমারার ক্যাকারুতলা এলাকায় গতকাল দুপুরে তাহেরপুর-মোহনগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবদুল মান্নান (৪০) নিহত হন। তাঁর বাড়ি উপজেলার দৌলতপুরে। আহত মোটরসাইকেলচালক শাহজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোরের বাঘারপাড়ার পান্তাপাড়া এলাকায় রোববার সন্ধ্যায় ইটবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন আসবাব ব্যবসায়ী আবদুল গফফার (৩৬)। তাঁর বাড়ি পান্তাপাড়া গ্রামে। ব্যবসার কাজে তিনি মোটরসাইকেলে যশোর শহরে এসেছিলেন।

কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কের মোস্তফিরহাট এলাকায় রোববার রাতে ভটভটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হন লালমনিরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম মোহন (২৬)। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারে গতকাল বিকেলে ফেনী-নোয়াখালী মহাসড়কে ট্রাকচাপায় মো. এরশাদ উল্লা (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সেবারহাট বাজারের ব্যবসায়ী ছিলেন।