গোপালগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৪
গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাসচালকসহ ৪ জন নিহত হয়েছেন। গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলায় গতকাল সোমবার এ দুর্ঘটনা দুটি ঘটে।
গতকাল বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি লোকাল বাস ও একটি পণ্যভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালকসহ ৩ জন নিহত ও ১৫ জন আহত হন।
নিহত ব্যক্তিরা হলেন বাসের চালক গোপালগঞ্জ সদরের হরিদাসপুর গ্রামের হিটলার শেখ (৩০), কাশিয়ানীর আমীর আলী মিয়া (৬০), নড়াইল জেলার কালিয়া উপজেলার জয়নগর গ্রামের খাদিজা বেগম (৪২) এবং কমল বিশ্বাস (৬২)। আহত ব্যক্তিদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সড়কের ওপর বাস ও ট্রাকটি পড়ে থাকায় বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে গাড়ি সরিয়ে নিলে সড়কের এক দিকে চলাচল শুরু হয়।
কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া বলেন, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর থেকে গোপালগঞ্জগামী একটি লোকাল বাসকে খুলনা থেকে ঢাকাগামী একটি টমেটোভর্তি ট্রাক সামনে থেকে ধাক্কা দেয়। এর ফলে বাসটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় কোনো মামলা হয়নি।
এদিকে বেলা দেড়টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় একটি নছিমন রাস্তায় উল্টে যায়। এ ঘটনায় নছিমনের যাত্রী কমল বিশ্বাস মারা যান। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলিগ্রামের বাসিন্দা পাগল চান বিশ্বাসের ছেলে।
বৈলতলী পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি।