গোপালগঞ্জে দ্বিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য বাপেক্স দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা গোপালগঞ্জে প্রথমবারের মতো ব্যাপক ভিত্তিতে দ্বিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ শুরু করেছে।

বাপেক্স ‘টুডি সিসমিক প্রজেক্ট অব বাপেক্স’ প্রকল্পের অংশ হিসেবে ৬/এ এবং ৬/বি ব্লকে গোপালগঞ্জের তিনটি উপজেলাসহ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও খুলনা জেলায় এ জরিপ পরিচালনা করছে। বর্তমানে গোপালগঞ্জের কাশিয়ানী, মুকসুদপুর ও সদর উপজেলার চান্দা বিলে এ জরিপকাজ চলছে।

গোপালগঞ্জে কর্মরত জরিপ দলের পার্টি চিফ মইনুল হোসেন জানিয়েছেন, এই অঞ্চলের ভূমি গঠনের ইতিহাস, বৈজ্ঞানিক ভিত্তি, পূর্বাপর বিভিন্ন প্রতিবেদন এবং আগে পাওয়া গ্রাভিটি, ম্যাগনেটিক, স্যাটেলাইট ইমেজ এবং ভূকম্পন ডেটা বিশ্লেষণ করে এই অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ তাঁরা হাতে নিয়েছেন।

মইনুল হোসেন বলেন, গোপালগঞ্জের চান্দা বিল এলাকার উত্তর-দক্ষিণে কাশিয়ানী, রাতইল, ফুকরা, গোপীনাথপুর, নিজামকান্দি, উলপুর, মহাঘাট এবং পূর্ব-পশ্চিমে পাইকারপাড়া, দিকনগর, মোচনা, বাঁশবাড়িয়া, মাহমুদপুর, ওড়াকান্দি, ফুকরা, জালালাবাদ, খাশিয়াল গ্রামে মোট ৩০৮টি ৭০ ফুট গভীর গর্ত করে সেখানে ডিনামাইটের বিস্ফোরণ ঘটিয়ে ম্যাগনেটিক প্রক্রিয়ায় ভূগঠন নির্ণয় করা হবে। এটি প্রাথমিক পর্যায়ের অনুসন্ধান। এই অনুসন্ধান প্রতিবেদনের ওপর নির্ভর করবে আরও দুই দফায় বাপেক্স এখানে অনুসন্ধান পরিচালনা করবে কি না। নব্বইয়ের দশকের শেষ দিকে স্বল্পমাত্রায় এখানে জরিপ হয়েছিল। তবে ব্যাপক ভিত্তিতে গোপালগঞ্জের চান্দা বিলে অনুসন্ধান এই প্রথম। 

প্রসঙ্গত, গোপালগঞ্জে মাটির তলদেশে প্রথম ১০ ফুটে দুই স্তরে পিট কয়লা পাওয়া যায়।