গোপালগঞ্জে ধসে পড়েছে বাণিজ্যিক ভবনের ছাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ শহরে একটি দোতলা বাণিজ্যিক ভবন গত মঙ্গলবার বিকেলে ধসে পড়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।জানা গেছে, সোলায়মান ম্যানশন নামের ওই ভবনে ১৫টি বিভিন্ন দোকান, আবাসিক হোটেল ও কয়েকটি গুদাম রয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথমে ভবনটির দ্বিতীয় তলার ছাদ ও পরে নিচতলার ছাদ ধসে পড়ে। এ ঘটনায় আহত পাঁচজনের মধ্যে নির্মল রবি দাসকে (৬০) গুরুতর অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং রাম লাল দাস (২৮) ও ঠাকুর বিশ্বাসকে (৫০) একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। পথচারী বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।আহত নির্মল দাস জানান, ভবনের দ্বিতীয় তলায় ঠাকুর বিশ্বাসের জুতার দোকানে তিনি ও অন্যরা কাজ করছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে বিকট শব্দে প্রথমে দ্বিতীয় তলার ছাদ ধসে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই নিচতলার পুরো ছাদ ভেঙে তাঁদের মাথার ওপর পড়ে। পরে স্থানীয় লোকজন এসে তাঁদের উদ্ধার করে। ভবনের মালিক ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাটের উপপরিচালক আনিছুজ্জামান ফিরোজ জানান, ১৬৫ ফুট দীর্ঘ এই ভবনটি ১৯১৮ সালে নির্মিত। ভবনের যে অংশ ভেঙে পড়েছে, গত বছর সেখানে মেরামত করা হয়েছিল। তবে পরিবারের অন্য অংশীদারদের সঙ্গে আলাপ-আলোচনা করে দ্রুত ভবনটি ভেঙে ফেলা হবে। গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনা এড়াতে সবাইকে ভবনটি ছেড়ে দিতে বলা হয়েছে। ওই সড়কে পুলিশও মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন জানান, এখনো মালিক পক্ষ ভবনটি অপসারণের কোনো উদ্যোগ নেয়নি। যেহেতু এটি পৌর এলাকার মধ্যে, তাই ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দায়িত্ব পৌরসভার। ভবনটি পৌরসভা ভেঙে ফেলবে। তবে ব্যয়নির্বাহ করবে মালিক পক্ষ। এ ব্যাপারে ব্যবস্থা নিতে শিগগিরই মেয়রকে একটি চিঠি দেওয়া হবে।