গোপালগঞ্জে নকল ফেনসিডিল তৈরির কারখানার সন্ধান
গোয়েন্দা পুলিশ গোপালগঞ্জ শহরের বেদগ্রামের ফড়িঙ্গাবাড়ীর একটি বাড়িতে নকল ফেনসিডিল তৈরির কারখানার সন্ধান পেয়েছে। গতকাল শনিবার সেখানে পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে ফেনসিডিলের ২০ হাজার খালি বোতল, ফেনসিডিল, ফেনসিডিল তৈরির উপকরণ এবং হেরোইনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। দুপুর ১২টায় ওই মহল্লার ভুলু বিশ্বাসের বাড়িতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানকালে ফেনসিডিল তৈরিতে ব্যবহূত ২৫২টি পেনটিডস ট্যাবলেট, ৬৪ বোতল ফেনসিডিল, ৯৫টি ইয়াবা বড়ি, ২০০ পুরিয়া হেরোইন, নগদ ২৮ হাজার ৫০৫ টাকা, ফেনসিডিলের প্রায় ২০ হাজার খালি বোতল, ফেনসিডিল পরিবহনে ব্যবহূত একটি নসিমন, হিসাব-নিকাশের খাতা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ভুলু বিশ্বাস পালিয়ে যান।গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা ওই বাড়িতে অভিযান চালান। ঘরের মেঝের মাটির নিচে প্লাস্টিকের বড় বড় ড্রামে ও ঘরের বিভিন্ন স্থানে রাখা এসব মালামাল উদ্ধার করা হয়। নকল ফেনসিডিল তৈরির কারখানাটি সম্প্রতি গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম বাটুলের সহযোগিতায় ভুলু বিশ্বাস পরিচালনা করছিলেন। এ কারখানায় তৈরি নকল ফেনসিডিল গোপালগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করা হতো।