গোপালগঞ্জে নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ৩৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৯। আজ রোববার সকাল ১০টায় গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪৩১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ৩৫৬ জন। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া মিলিয়ে করোনায় এ পর্যন্ত মোট মারা গেছেন ১২ জন।
সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে গোপালগঞ্জ সদরে ১৭ জন, মুকসুদপুরে ৮ জন, কোটালীপাড়ায় ৩ জন ও টুঙ্গিপাড়ায় ৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন। সংক্রমিত ব্যক্তিদের বসতবাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে সংক্রমিত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়।
নিয়াজ মোহাম্মদ আরও জানান, এ পর্যন্ত ৫ হাজার ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা ‘পজিটিভ’ রিপোর্ট এসেছে ৭৯৯ জনের। এদের মধ্যে মুকসুদপুরে ১৭৯ জন, কাশিয়ানীতে ১৫১ জন, গোপালগঞ্জ সদরে ২২৬ জন, টুঙ্গিপাড়ায় ১২২ জন ও কোটালীপাড়া উপজেলায় ১২১ জন করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছেন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে স্বাস্থ্য বিভাগের রয়েছেন ৬৯ জন।