গোপালগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুরে কুমার নদে ডুবে মো. তাসিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে । আজ শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার টেংরাখোলা গ্রামে কুমার নদে এ ঘটনা ঘটে।
তাসিন মুকসুদপুর পৌরসভার কুলাকোনা মহল্লার মো. ওমর শেখের ছেলে। সে গোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
তাসিনের পরিবার ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে তাসিন টেংরাখোলা গ্রামের মুকসুদপুর আলিয়া মাদ্রাসার সামনে কুমার নদীতে অন্য ছেলেদের সঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে সে সবার অজান্তে ডুবে যায়।
পরে এলাকাবাসী প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর তাসিনকে উদ্ধার করে। তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাসিনকে মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।