গোপালগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
গোপালগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবার রাত নয়টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা বৈঠকের পর নেতারা ধর্মঘট প্রত্যাহার করেন।বৈঠকে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী খান আবু মিয়া, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক কাজী সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, ‘তিন ঘণ্টার বৈঠকে প্রশাসন আমাদের দাবি মেনে নেয়। সাধারণ জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমরা এ ধর্মঘট প্রত্যাহার করেছি।’গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন জানান, বাস মালিক-শ্রমিকদের দাবিগুলো পুরোনো। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশাসহ কোনো অবৈধ যানবাহন চলাচল করতে পারবে না। এ জন্য দুই-তিন দিন মাইকিং করা হবে।