গোপালগঞ্জে পরিবহন ধর্মঘট শুরু
ব্যাটারিচালিত অটোরিকশাসহ অবৈধ যান নসিমন-করিমন বন্ধের দাবিতে গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের ফলে গোপালগঞ্জের সঙ্গে ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধর্মঘট চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা দুটি অটোরিকশা ভাঙচুর করেছেন।গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে পরিবহন ধর্মঘট শুরু করে জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মহাসড়কের বেদগ্রাম স্ট্যান্ড, পুলিশ লাইন মোড়, পল্লী বিদ্যুৎ অফিস মোড়, মান্দারতলা, ঘোনাপাড়া ও নিমতলা বাসস্ট্যান্ডে সকাল থেকে শ্রমিকেরা জড়ো হতে থাকেন। মহাসড়কের বিভিন্ন স্থানে বাস এলোমেলো করে রেখে, গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। লাঠি হাতে শ্রমিকেরা পিকেটিংয়ে নামেন। এতে ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে যাত্রীবাহী বাস-ট্রাকসহ শত শত যানবাহন আটকা পড়ে। যানবাহনে থাকা যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, ‘নসিমন-করিমন চলাচল বন্ধ, ব্যাটারিচালিত আটোরিকশা বন্ধসহ আমাদের দাবিগুলো না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।’গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বলেন, আগামী রোববার একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়েছে।