গোপালগঞ্জে পুলিশ সদস্যসহ আহত ১০
গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকালে ভোট কারচুপিতে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা হয়েছে। দ্বিতীয় দফায় হামলার চেষ্টা হলে হামলাকারীদের রাবার বুলেট ও লাঠিপেটা করে পুলিশ। এ সময় পুলিশের এক সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মনজেল আহম্মেদ জানিয়েছেন, ভোট শুরুর সঙ্গে সঙ্গে একদল দুর্বৃত্ত একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কেন্দ্র দখল করে ভোট কাটে। এ সময় বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশ সদস্য সামিনুলের মাথা ফেটে যায়। তাঁকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে একদল লোক একত্র হয়ে পুনরায় ওই কেন্দ্রে হামলার চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ছুড়ে ও লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পুলিশ ছয়জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। ভোট গ্রহণ চলছে।