গোপালগঞ্জে পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চারজন পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গত সোমবার রাতে উপজেলার ধারাবাশাইল বাজারে এ সংঘর্ষ হয়।পুলিশ জানায়, বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোটের প্রার্থী বিএনপি নেতা এস এম জিলানীর পক্ষে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি পোস্টার লাগানো হয়। গত সোমবার এসব পোস্টারের ওপর দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পোস্টার সেঁটে দেওয়া হয়। কোথাও কোথাও জিলানীর পোস্টার ছিঁড়েও ফেলা হয়। এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মান্নান শেখ এবং বাচ্চু হাজরা ও আলম বিশ্বাস নামের দুই ব্যক্তি গত সোমবার সন্ধ্যায় ধারাবাশাইল উচ্চবিদ্যালয়ের ফটকে কান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ছাত্রদলের নেতারা তাঁদের বেশ কয়েকজন সমর্থককে ওই এলাকায় নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে ওই চারজন ব্যক্তি উত্তম বাড়ৈকে লাঞ্ছিত করেন। এ ঘটনার পর ধারাবাশাইল বাজার এলাকায় ওই চারজনের ওপর চেয়ারম্যানের পক্ষের লোকজন হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতারা পালিয়ে গেলেও আলম বিশ্বাস একটি দোকানে আটকা পড়েন। তাঁকে উদ্ধার করতে গিয়ে ইটের আঘাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ও অপর তিনজন কনস্টেবল আহত হন।এলাকাবাসী সূত্র জানায়, দুই পক্ষের সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়। বিভিন্ন ক্লিনিকে তাদের ভর্তি করা হয়েছে। এর আগে ছাত্রদলের নেতারা ধারাবাশাইল এলাকায় যশমন্ত বিশ্বাস নামের এক ব্যক্তিকে মারধর করেন।পরিস্থিতি মোকাবিলায় গতকাল মঙ্গলবার ভোরে কোটালীপাড়ায় প্রায় ৪০০ জন অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়। এলাকায় র‌্যাবের টহলও জোরদার করা হয়েছে।গতকাল উপজেলার পিঞ্জুরী ও ধারাবাশাইল গ্রামে এলাকাবাসীকে নিয়ে দুটি বৈঠক করেন প্রশাসনের কর্মকর্তারা।বিএনপি নেতা এস এম জিলানী বলেন, ‘আমার পোস্টারের ওপর অন্য পোস্টার লাগানো নিয়ে ধারাবাশাইলে আমার ও চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে আমার লোকজনের ওপর প্রথমে হামলা করা হয়েছে।’কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, চেয়ারম্যান উত্তমের ওপর ছাত্রদলের ছেলেরা চড়াও না হলে, তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত না করলে এলাকাবাসী তাঁদের প্রতিহত করত না। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, ঘটনা যা-ই ঘটুক, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করবে, পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর হতে দ্বিধা করবে না।