গোপালগঞ্জে ফসলি জমিতে যুবলীগ নেতার শিল্প পার্ক
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ফসলি জমিতে শিল্প পার্ক করছেন যুবলীগের একজন কেন্দ্রীয় নেতা। এ জন্য তিনি কৌশলে একের পর এক কৃষিজমি দখল করছেন বলে অভিযোগ উঠেছে। আর জমি ভরাটের জন্য অপরিকল্পিতভাবে বালু ও মাটি তোলায় বিস্তীর্ণ এলাকায় ভাঙন শুরু হয়েছে। উচ্ছেদ আতঙ্কে রয়েছে প্রায় ৩০০ দরিদ্র পরিবার।
যুবলীগের ওই নেতার নাম আতিয়ার রহমান ওরফে দীপু। তিনি সংগঠনের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য। বাড়ি মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের লখন্ডা গ্রামে। উপজেলার জলিরপাড় ইউনিয়নের তালবাড়ি গ্রামের কাছে কালাবাড়ি বিলের উর্বর কৃষিজমিতে ‘ছাছকো গ্রুপ’ নামে শিল্পপার্ক স্থাপন করছেন তিনি।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, আতিয়ার প্রায় নয় মাস আগে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কসংলগ্ন তালবাড়ি গ্রামের মাঠে প্রথমে ১০৪ শতক জমি কেনেন। সেই জমি ভরাট করতে পাশের বিলরুট ক্যানেলে (মধুমতি ও আড়িয়াল খাঁর সংযোগ নদী) খননযন্ত্র বসিয়ে বালু তোলা শুরু করেন। পাইপে করে সেই বালু অন্যের জমির ওপর দিয়ে নেওয়ায় বালুর স্তর জমে সেসব জমিও চাষাবাদের অনুপযোগী হয়ে যাচ্ছে। এর ফলে জমির মালিকেরা আতিয়ারের কাছে কম দামে জমি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। তিনি এ পর্যন্ত সেখানে প্রায় ৩১ একর জমি কিনেছেন বলে তাঁর প্রতিষ্ঠানের কর্মী বিপুল মণ্ডল নিশ্চিত করেন।
>* কৌশলে একের পর এক কৃষিজমি দখলের অভিযোগ
* অপরিকল্পিতভাবে বালু তোলায় ভাঙনের কবলে বিস্তীর্ণ এলাকা
*উচ্ছেদ আতঙ্কে তিন শতাধিক দরিদ্র পরিবার
এলাকার ১৪৮ জন বাসিন্দা গত ৭ এপ্রিল এ বিষয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। এতে আতিয়ারকে ‘ভূমিদস্যু আখ্যায়িত করে ধানি জমি জবরদখল বন্ধের দাবি জানানো হয়। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, আতিয়ারের কেনা জমির চারপাশে যেসব জমি মালিকেরা বিক্রি করতে রাজি হননি, সেসব জমিতেও তিনি বালু ফেলে ভরাট করেছেন। জমির মালিকেরা হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের হওয়ায় তাঁদের অনুরোধের তোয়াক্কা করেন না আতিয়ার। কিছু বলতে গেলে উল্টো তিনি তাঁদের গালিগালাজ করেন ও জমি বিক্রির জন্য চাপ দেন।
বানিয়ারচর এলাকার বাসিন্দা কঙ্কণ বালা প্রথম আলোকে বলেন, ‘তালবাড়ি এলাকায় আমার ৬৯ শতক জমি আছে। গত ডিসেম্বরে সেটি বিক্রির প্রস্তাব দেন আতিয়ার। রাজি না হওয়ায় ওই জমিতে বালু ফেলে নষ্ট করে ফেলা হয়। প্রতিবাদ করায় আতিয়ার আমাকে বলেন, “তুই যা করতে পারিস কর”।’
কঙ্কণ আরও বলেন, আশপাশের জমি কিনে নিয়ে আতিয়ার বালু ফেলে উঁচু করছেন। বালুর স্তর জমে যাওয়ায় তাঁর জমিতেও ধান হচ্ছে না। এখন তাঁকে হয় ওই জমিতে পুকুর কাটতে হবে, না হয় আতিয়ারের কাছে বিক্রি করে দিতে হবে।
ভরাটকাজের জন্য বিলরুট ক্যানেলের কলিগ্রাম এলাকায় জেগে ওঠা তিনটি চর বালুমহাল হিসেবে ইজারা নিয়েছেন আতিয়ার। এগুলো ভরাটের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত। বালুমহালের পাশাপাশি তিনি নদীর অন্য জায়গা থেকেও অপরিকল্পিতভাবে বালু কাটছেন।
তবে আতিয়ার রহমান দাবি করেন, কাগজপত্র যাচাই করে তিনি জনৈক রবি গাইনের কাছ থেকে ওই জমি কিনেছেন। বিলরুট ক্যানেল থেকে বালু কাটার কারণে কোনো ভাঙনের ঘটনা ঘটেছে না বলেও দাবি তাঁর। অন্যের জমিতে বালু ফেলে কৌশলে দখলের অভিযোগ অস্বীকার করে আতিয়ার বলেন, একটি জমিতে বালু পড়েছিল। মালিককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা যায়, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের পূর্বপাশে ফসলি মাঠের জায়গায় জায়গায় ছাছকো গ্রুপের সাইনবোর্ড। সড়কের পশ্চিম পাশে বিলরুট ক্যানেল। সেখানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় খননযন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। এতে ক্যানেলের পাড় ভেঙে গেছে। উত্তরে সাহেব মিয়ার বাড়ি থেকে শুরু হয়ে দক্ষিণে বিএডিসির সেচ প্রকল্পের মেশিনঘর পর্যন্ত দেড় কিলোমিটারজুড়ে ভাঙন চলছে। ইতিমধ্যে বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা।
ক্যানেলের পাড়সংলগ্ন পাউবোর জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করছে প্রায় ৩০০ ভূমিহীন পরিবার। তাদেরও উচ্ছেদের পাঁয়তারা চলছে। পাউবোর ১০ শতক জমিতে বসতবাড়ি ছিল সুশান্ত মণ্ডলের। এ জমির মালিকানা দাবি করে গত জুন মাসে সুশান্তকে উৎখাত করা হয়। আশপাশের বসতি উৎখাতের জন্য ওই জমিতে গভীর গর্ত করে মাটি তোলা হয়েছে। এর ফলে পাশের খোকন মণ্ডল, বজলু শেখ ও সেন্টু শেখের বাড়িতে যাতায়াতের পথ প্রায় বন্ধ হয়ে গেছে।
সেন্টু শেখের স্ত্রী আয়শা বেগম বলেন, ‘আমাদের এ জায়গা ছেড়ে দিতে হলে মরণ ছাড়া গতি নেই। সবাই আমাদের দুর্দশা দেখে যায়। কিন্তু কোনো কাজ হয় না।’
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাঈনুদ্দীন আহমেদ বলেন, ‘দরিদ্র পরিবারগুলো ওখানেই থাকবে। আমি তাঁদের বলেছি, আপনারা কোনোমতেই সরবেন না। আমরা আতিয়ারকে কোনো জমি ইজারা দিইনি। তিনি অবৈধভাবে মাটি কাটছেন।’
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সিদ্দিকী বলেন, আতিয়ারের শিল্প পার্কের কারণে এলাকাবাসী নানাভাবে ক্ষতিগ্রস্ত ও অন্যায়ের শিকার হচ্ছেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নঈম মোহাম্মদ মারুফ খান প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে কৃষিজমিতে শিল্পকারখানা স্থাপনের বিরোধিতা করেছেন। এলাকাবাসীর অভিযোগ তদন্তে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হচ্ছে। তদন্ত প্রতিবেদনের আলোকে পদক্ষেপ নেওয়া হবে।