গোপালগঞ্জে বাস খাদে, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে আলাউদ্দিন সিকদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। গতকাল শনিবার বেলা ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের কংশুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। একই দিন খুলনার
ডুমুরিয়া উপজেলায় একটি বাস খাদে পড়ে ৩০ জন আহত হন।
নিহত আলাউদ্দিন সিকদার পেশায় বাসচালক ছিলেন। তবে দুর্ঘটনার সময় তিনি ওই বাসটিতে যাত্রী হিসেবে ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবু নাঈম জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে বাসের ৩১ জন যাত্রী আহত হন। আহত লোকজনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে আলাউদ্দিন সিকদার মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ডুমুরিয়া উপজেলায় খুলনা থেকে পাইকগাছাগামী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হন। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসু দোজা জানান, সকাল ১০টার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনের খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে নেমে পড়েন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। বাসচালককে আটক করেছে পুলিশ। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।