গোপালগঞ্জে বাস চাপায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের চাপায় শিশুসহ দুজন নিহত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, বাস চাপায় এক নারী ও এক শিশু নিহত হয়েছে। তাৎ​ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
দুজন প্রত্যক্ষদর্শী জানান, গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়া এলাকা হতে একটি ভ্যানে করে আনুমানিক ২৪ বছর বয়সী এক নারী মালেকের বাজারে এসে নামেন। তাঁর কোলে আনুমানিক আট মাস বয়সী এক কন্যা শিশু ছিল। ওই নারী রাস্তা পার হওয়ার সময় টুঙ্গিপাড়া থেকে ঢাকাগামী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর পর এলাকাবাসী টুঙ্গিপাড়া-ঢাকা সড়ক অবরোধ করেন। প্রায় আধঘণ্টা পর বেলা ১২টার দিকে টুঙ্গিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।