গোপালগঞ্জে বাস নদীতে, শিশুর লাশ উদ্ধার
গোপালগঞ্জের গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের পাশে মধুমতি নদীর বিলরুট ক্যানেলে যাত্রীবাহী বাস পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাসের চাকা ফেটে যাওয়ায় সদর উপজেলার উলপুর ইউনিয়নের পদ্মবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু মেহেদী খালাসী (৮) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গি গ্রামের সেকেন্দার খালাসীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী ভাস্কর পরিবহনের বাসটির সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৩৫ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উপজেলার বৈলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবু নাঈম কলেন, বাসটি নদীতে পড়ার পর এটির ছাদ ভেঙে যায়। এতে ভেতরে থাকা যাত্রীরা বের হয়ে আসতে পেরেছেন। ভেতরে আরও কেউ আটকে পড়েছে কি না, বাসটি টেনে তোলার পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।