গোপালগঞ্জে বাসশ্রমিক ও ছাত্রদের সংঘর্ষ আহত ৭৫
গোপালগঞ্জে বাসশ্রমিক ও গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্রদের মধ্যে গতকাল বৃহস্পতিবার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৭৫ জন আহত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলেজের শিক্ষার্থীরা কক্সবাজার, চট্টগ্রাম ও কুমিল্লা থেকে শিক্ষা সফর শেষে গোপালগঞ্জে ফিরছিল। গতকাল বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জ শহরে ঢোকার সময় বিলম্বের জন্য বাস শ্রমিকেরা শিক্ষার্থীদের কাছে অতিরিক্ত ভাড়া দাবি করে। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের বচসা হয়। পুলিশ লাইন মোড়ে পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শ্রমিকেরা ছাত্র ও শিক্ষকদের ওপর হামলা চালায়। শ্রমিকদের হামলায় শিক্ষক মো. সেলিম, আমিনুল করিম, কলেজ ছাএ সংসদের ভিপি নজরুল ইসলাম এবং এজিএস টিটু বৈদ্যসহ ৩৫ জন ছাত্র আহত হন। এর প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়কে কলেজের সামনের এলাকা এবং বেদগ্রাম মোড়ে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে।শ্রমিকেরা জানায়, একপর্যায়ে পুলিশের হস্তক্ষেপে ছাত্ররা অবরোধ তুলে নেয়। কিন্তু যানবাহন চলাচল শুরু করলে বেলা ১১টার দিকে ছাত্ররা ১৫টি বাস ও ট্রাক ভাঙচুর করে। এ সময় শ্রমিকদের সঙ্গে দফায় দফায় ছাত্রদের সংঘর্ষ হয়। এতে আরও ৪০ জন আহত হয়। বেলা ১২টার দিকে শ্রমিকেরা ছাত্রদের হটিয়ে মহাসড়কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা মহাসড়কের বিভিন্ন স্থানে বাস ও ট্রাক রেখে সড়ক অবরোধ করে। অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান বলেন, শ্রমিকেরা বিকেল সাড়ে চারটার দিকে অবরোধ তুলে নিয়েছে।