গোপালগঞ্জে বাসের চাপায় নিহত ৩
গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিকে পুড়িয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থালে গিয়ে আগুন নেভায়। এ সময় ফায়ার সার্ভিসের দলটি আগুন নেভাতে গিয়ে জনরোষের শিকার হয়।
নিহত ব্যক্তিরা হলেন কাঠি গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা (৪০) ও সদর উপজেলার বলাকইড় গ্রামের হাসান শেখের ছেলে মনোয়ার শেখ (৩২) এবং খানারপাড় গ্রামের জামাত মোল্লার ছেলে আল আমিন মোল্লা (৩৫)।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ওমর ফারুক বলেন, মায়ের দোয়া নামে একটি যাত্রীবাহী লোকাল বাস কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ আসার পথে দত্তডাঙ্গায় দুই পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় কাঠি এলাকা দিয়ে সাত যাত্রী বহনকারী আরেকটি রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন। আহত ব্যক্তিদের গোপালগঞ্জে হাসপাতালে ভর্তি করা হয়।
রাস্তায় টায়ার জ্বালিয়ে এলাকার ক্ষুব্ধ লোকজন সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আবারও যান চলাচল শুরু হয়।