গোপালগঞ্জে বাড়ি দখল করলেন আ.লীগ নেতা
গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডিগল মিয়া ও তাঁর ভাইয়েরা খ্রিষ্টান সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়ি দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ডিগল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটুর ছেলে। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন। ডিগল বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করেছেন।দখল হয়ে যাওয়া বাড়ির মালিক প্রয়াত নির্মল বিশ্বাস ওরফে নিরু বিশ্বাসের ছেলে বাবলু বিশ্বাস বলেন, ‘বেঙ্গল ইভ্যানজেলিস্ট মিশন গোপালগঞ্জের ৯৭ নম্বর খাটরা মৌজার ১০২৬ এসএ খতিয়ানের ৬৬৫ নম্বর দাগের ৬ দশমিক ৪ শতাংশ জমি ১৯৮৮ সালের ৭ মার্চ মা প্রণিকা বিশ্বাসকে দান করে। সেই থেকে ওই জমিতে মা আমাদের নিয়ে বাস করছেন। পরে ওই জমিটি মা, বোন স্মৃতিকণা বিশ্বাস ও আমার নামে রেকর্ড হয়।’বাবলু বলেন, ‘গত ২৫ জুলাই সকালে আওয়ামী লীগ নেতা ডিগল মিয়া, তাঁর ছোট ভাই সোহেল ও সোহাগ মিয়া এবং কোটালীপাড়ার মুশুরিয়া গ্রামের অসিত বাইন বাসায় এসে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় এবং জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ডিগল আমাকে বলেন, এই জমিসহ বাড়িটি তিনি কিনেছেন। ডিগলের লোকজন ঘরে থাকা মালামাল নিয়ে যায় এবং ঘরে তালা ঝুলিয়ে দেয়।’ এরপর বাবলু বিষয়টি স্থানীয় সেন্ট মথুরানাথ এজি গির্জার মাধ্যমে গোপালগঞ্জ ক্রিশ্চিয়ান ফেলোশিপের নেতাদের জানান। বর্তমানে প্রাণের ভয়ে বাবলু বিশ্বাস পালিয়ে বেড়াচ্ছেন। বাবলুর ভাড়াটিয়া বাদল কর্মকার, সুরেশ মজুমদার, বিমল কর্মকারসহ খ্রিষ্টান পাড়ার বাসিন্দারা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিগল তাঁদেরকেও অবিরত হুমকি দিচ্ছেন। ডিগল তাঁদের কাছে বাড়ির ভাড়া দাবি করছেন এবং বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছেন।এ ব্যাপারে গত সোমবার গোপালগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন বাবলু। পুলিশ অভিযোগ আমলে না নিয়ে আজ মঙ্গলবার সকালে উভয় পক্ষকে বিষয়টি মীমাংসার জন্য থানায় আসতে বলে। সকাল ১০টার দিকে ক্রিশ্চিয়ান নেতারা সেখানে গেলে ডিগল মিয়া ও সোহেল তাঁদের গালাগাল করেন। একপর্যায়ে পুলিশের সামনেই যাজক রেভারেন্ট যোসেফ পান্ডে ও মিটুল বালাকে মারধর করেন।বাড়ি দখল ও মারধরের ঘটনার প্রতিবাদে খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন গতকাল শহরে বিক্ষোভ মিছিল করে। তারা জেলা আওয়ামী লীগের সভাপতি রাজা মিয়া বাটুর পদত্যাগ দাবিসহ বিভিন্ন স্লোগান দেয়। মিছিল শেষে তারা প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন করে। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ‘ঘটনার সময় থানায় পর্যাপ্ত পুলিশ ছিল না। শুনেছি থানার সামনে ঘটনাটি ঘটেছে। হাতাহাতি ও ধাক্কাধাক্কির কারণে সোহেলকে আটক করা হয়েছিল। পরে দুই পক্ষের সমঝোতার কারণে আওয়ামী লীগের নেতারা এসে মুচলেকা দিয়ে সোহেলকে ছাড়িয়ে নেন।’এ ব্যাপারে ক্রিশ্চিয়ান ফেলোশিপের সভাপতি স্যামুয়েল এস বালা বলেন, এর আগেও বাটু মিয়ার ছেলেরা গির্জা ঘরে হামলা করেছিল। সোহেলকে ছেড়ে দেওয়ার ব্যাপারে কোনো সমঝোতা হয়নি। উল্টো পুলিশ আমাদের বলেছে, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।যোগাযোগ করা হলে আওয়ামী লীগ নেতা ডিগল মিয়া বলেন, ‘বাবলুর সৎবোন বেলা বিশ্বাসের ছেলে অসিত বিশ্বাস এসে বাড়ি দখল করে তালা দিয়েছে। আমি দখল করিনি। বাবলুর সৎভাই নিখিল ও বোন বেলা আগেই আমাকে তাদের অংশ লিখে দিয়েছে।’জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বলেন, পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল (আজ বুধবার) জমির কাগজপত্র দেখে উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান হওয়ার কথা রয়েছে।