গোপালগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ছাড়া টুঙ্গিপাড়া পৌরসভায় একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সেখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী থাকল না। আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্রগুলো বাতিল ঘোষণা করেন। 

গোপালগঞ্জ পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিএনপি প্রার্থী তৌফিকুল ইসলামের আয়কর রিটার্নের সঙ্গে হলফনামার তথ্যে গরমিল থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একজন মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। অন্য দুই মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে।
তৌফিকুল ইসলাম বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমি আপিল করব এবং আদালতে যাব।’
এদিকে টুঙ্গিপাড়া পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১০০ জনের স্বাক্ষর ও জাতীয় পরিচয়পত্র জমা দিতে হয়। ফোরকান বিশ্বাসের দাখিল করা স্বাক্ষরকারীদের মধ্যে পরিচয়পত্রের একই নম্বরে আলাদা দুজন ব্যক্তির নাম রয়েছে। তাই তাঁর প্রার্থিতা বাতিল হয়েছে। এখন মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আহম্মদ হোসেন মীর্জার কোনো প্র​তিদ্বন্দ্বী থাকল না।
টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস। তিনি বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি আপিল কবর।’