গোপালগঞ্জে বিদ্যুতের কার্যালয়ে হামলা, গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ও মহাব্যবস্থাপকের (জিএম) বাসভবনে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার হরিদাসপুর গ্রামের মোস্তাক হোসেন ওরফে সেন্টু, মনির হোসেন, রিয়াজ হোসেন, মোর্শেদ আলম, আবুল হোসেন, লেবু শেখ, তরিকুল শেখ ও মফসেন।

ওই কার্যালয়ের জিএম মোহাম্মদ হারুন অভিযোগ করেন, মোস্তাক হোসেন বিভিন্ন সময় নানা অজুহাতে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে ৪০-৫০ জন লোক নিয়ে তাঁর কার্যালয়ের চত্বরে ঢুকে নৈশপ্রহরীদের মারধর করে।

পরে তারা তাঁর বাসভবন ও অভিযোগকেন্দ্রে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং একপর্যায়ে তাঁর বাসার সামনে আগুন ধরিয়ে দেয়। এ সময় ইটের আঘাতে বাসার টেলিভিশনসহ বিভিন্ন মালামাল নষ্ট হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় জিএম গতকাল শুক্রবার সদর থানায় মামলা করেছেন। আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মোস্তাক ছাড়া বাকিদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।