গোপালগঞ্জে বিদ্যুতের কার্যালয়ে হামলা, গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ও মহাব্যবস্থাপকের (জিএম) বাসভবনে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার হরিদাসপুর গ্রামের মোস্তাক হোসেন ওরফে সেন্টু, মনির হোসেন, রিয়াজ হোসেন, মোর্শেদ আলম, আবুল হোসেন, লেবু শেখ, তরিকুল শেখ ও মফসেন।ওই কার্যালয়ের জিএম মোহাম্মদ হারুন অভিযোগ করেন, মোস্তাক হোসেন বিভিন্ন সময় নানা অজুহাতে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে ৪০-৫০ জন লোক নিয়ে তাঁর কার্যালয়ের চত্বরে ঢুকে নৈশপ্রহরীদের মারধর করে। পরে তারা তাঁর বাসভবন ও অভিযোগকেন্দ্রে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং একপর্যায়ে তাঁর বাসার সামনে আগুন ধরিয়ে দেয়। এ সময় ইটের আঘাতে বাসার টেলিভিশনসহ বিভিন্ন মালামাল নষ্ট হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় জিএম গতকাল শুক্রবার সদর থানায় মামলা করেছেন। আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মোস্তাক ছাড়া বাকিদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।