গোপালগঞ্জে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ
বিদ্যুতের দাবিতে গতকাল রোববার দুপুরে গোপালগঞ্জ পৌরসভার চাঁদমারীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে এলাকার বাসিন্দারা। বেলা একটা থেকে তিনটা পর্যন্ত এই অবরোধ চলে। পরে পুলিশ এসে রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধকারীরা জানান, চাঁদমারী, হিরাবাড়ী রোড, মোহম্মদপাড়া, সবুজবাগ এলাকায় গত শুক্রবার থেকে বিদ্যুৎ নেই। শুক্রবার রাতে একটি ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এর পর থেকে স্থানীয় পাওয়ার হাউসে এলাকার মানুষ বারবার যোগাযোগ করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে গোপালগঞ্জ পৌরসভার ওই সব এলাকা প্রতিদিন সন্ধ্যার পর অন্ধকারে ডুবে যায়। এলাকার বাসিন্দা মুন্না মুন্সি জানান, সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় এলাকায় সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। চোরের উপদ্রব বেড়েছে। মোজাম্মেল আলম জানান, এ মুহূর্তে স্কুলগুলোতে প্রথম সাময়িক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। বিদ্যুৎ না থাকায় বহুতল ভবনগুলোতে পানি তোলা যাচ্ছে না। পৌরসভার কাউন্সিলর জাহেদ মাহমুদ বলেন, এলাকাবাসীকে বছরে দু-একবার এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কারণ, ট্রান্সফরমারগুলো রক্ষণাবেক্ষণ ঠিকমতো করা হয় না। সঠিক সময়ে এই যন্ত্রগুলোতে এক ধরনের তেল দিতে হয়। সেগুলো দেওয়া হয় না। ফলে মাঝেমধ্যেই বিস্ফোরিত হয়।এ ব্যাপারে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ওজোপাডিকো) উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, রাত যতই হোক আজই (রোববার) ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হবে। ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণ না করার কথা অস্বীকার করে তিনি বলেন, শহর এলাকায় মোট ৭৩টি ট্রান্সফরমার রয়েছে। এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।