গোপালগঞ্জে বিসিক শিল্পনগরের দাবিতে মহাসড়ক অবরোধ
ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোপালগঞ্জ শহরতলির হরিদাপুরে বিসিক শিল্পনগর গড়ে তোলার দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন কৃষিজমির মালিকেরা। গতকাল সোমবার দুপুরে এ অবরোধ করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাপুর পয়েন্টে বিসিক শিল্পনগর গড়ে তোলার দাবিতে কৃষিজমির মালিকেরা ঢাকা-খুলনা মহাসড়কের ওপরে বিক্ষোভ করেন। পরে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত মহাসড়কের ওই পয়েন্টে এই অবরোধ করা হয়। এই অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে দেয়। এর আগে ২ এপ্রিল বিসিক শিল্পনগরের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে অপর একটি মালিকপক্ষ মহাসড়ক অবরোধ ও সংবাদ সম্মেলন করে। ওই গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন ও জেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ‘ওই মৌজায় হিন্দুদের ফেলে যাওয়া কিছু ভিপি সম্পদ ও সরকারের খাসজমি প্রভাবশালীরা দখল করে খাচ্ছেন। তাঁরা বিসিক চান না।