সন্ত্রাসীদের বোমা হামলায় গত শনিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাহীন খান (৪০) নিহত হয়েছেন। এ ঘটনার পর গতকাল রোববার উত্তেজিত লোকজন হামলা চালিয়ে কয়েকটি বাড়িঘর এবং দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। নিহত যুবলীগ নেতা শাহীনের বাড়ি সদর উপজেলার ভেড়াবাজার গ্রামে। বাবার নাম আবদুল ওহাব খান। শাহীন হরিদাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য। বিগত ইউপি নির্বাচনে তিনি পাশের উলপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানান, গত শনিবার রাতে শাহীন ভেড়াবাজার গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। ১০টার দিকে তিনি বাড়ির সামনে পৌঁছালে সন্ত্রাসীদের বোমা হামলার শিকার হন। হামলায় গুরুতর আহত শাহীনকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত দুইটার দিকে শাহীনের মৃত্যু হয়।শাহীনের স্ত্রী লাভলী বেগম জানান, কয়েক দিন আগে একই গ্রামের হাসমত কাজীর পক্ষের লোকজনের সঙ্গে বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে শাহীনের বিরোধ হয়। ওই ঘটনার জের ধরেই বোমা হামলা চালিয়ে তাঁর স্বামীকে হত্যা করা হতে পারে বলে তিনি অভিযোগ করেন।এদিকে যুবলীগ নেতা শাহীনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে গতকাল সকালে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় তারা প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে।