গোপালগঞ্জে ভুয়া পরীক্ষার্থীসহ তিনজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে অংশ নেওয়ার সময় গতকাল শুক্রবার গোপালগঞ্জে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ও তাঁর দুই সহযোগীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: নড়াইলের কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের কামরুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলার সিলনা গ্রামের রুহিদাস অধিকারী ও তাঁর ছোট ভাই প্রকাশ চন্দ্র অধিকারী। কামরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সম্মান তৃতীয় বর্ষ এবং প্রকাশ চন্দ্র অধিকারী সরকারি বঙ্গবন্ধু কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র।গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সরকারি বীণা পানি বালিকা উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়। বেলা দুইটায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিম সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁদের এক বছর করে সাজা দেন। এ সময় তাঁদের কাছ থেকে ১০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।