গোপালগঞ্জে ভূকম্পন জরিপস্থগিত
গোপালগঞ্জের চান্দা বিল এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য চলা দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের কাজ স্থগিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
গোপালগঞ্জে কর্মরত বাপেক্সের পার্টি চিফ মইনুল হোসেন জানান, একটি প্রকল্পের আওতায় গোপালগঞ্জের তিনটি উপজেলাসহ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও খুলনা জেলায় এই জরিপ শুরু হয়েছিল। বর্ষায় বিলে পানি জমে যাওয়ায় গত সপ্তাহ থেকে কাজ বন্ধ করে দিতে হয়েছে। শীত মৌসুমে আবার কাজ শুরু করা হবে।
বাপেক্স সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাস থেকে চান্দা বিলের কাশিয়ানী, রাতইল, ফুকরা, গোপীনাথপুর, নিজামকান্দি, উলপুর, মহাঘাট, পাইকারপাড়া, দিকনগর, মোচনা, বাঁশবাড়িয়া, মাহমুদপুর, ওড়াকান্দি, জালালাবাদ, খাশিয়াল গ্রামে মোট ৩০৮টি গভীর গর্ত করে সেখানে ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে ভূগঠন নির্ণয়ের কাজ শুরু করা হয়েছিল।