গোপালগঞ্জে মায়ের চরণ ধুয়ে দিল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মা-গো তোমার চরণ তলে’ শীর্ষক অনুষ্ঠনে গতকাল শিশুরা মায়ের চরণ ধুয়ে দেয়। গোপালগঞ্জ শহরের এস এম মডেল সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান l প্রথম আলো
‘মা-গো তোমার চরণ তলে’ শীর্ষক অনুষ্ঠনে গতকাল শিশুরা মায়ের চরণ ধুয়ে দেয়। গোপালগঞ্জ শহরের এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান l প্রথম আলো

‘মা-গো তোমার চরণ তলে’ শীর্ষক অনুষ্ঠানে শিশুরা মায়ের চরণ ধুয়ে দিয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার ৫টি উপজেলার ৮৪৯টি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৫২ হাজার শিশু মায়ের চরণ ধুয়ে-মুছে দেয়। বাবা-মা, শিক্ষক ও গুরুজনের প্রতি শ্রদ্ধা-ভক্তির প্রায়োগিক শিক্ষা দানের জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
এ দিন গোপালগঞ্জ শহরের এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোখলেসুর রহমান বলেন, ‘ভালো মানুষ তৈরির জন্য “মা-গো তোমার চরণ তলে” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে শিশুদের কচি মনে রেখাপাত করবে। আমরা আশা করছি, এ কর্মসূচির মাধ্যমে শিশুরা নিয়মনিষ্ঠ আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।’
ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া, স্কুলের প্রধান শিক্ষক কাজী ইদ্রিস আলী, অভিভাবক বনানী বিশ্বাস, বীথিকা হিরা এবং শিক্ষার্থী মুসলিমা সুলতানা, আরিয়ান মঈন প্রমুখ বক্তব্য দেয়।
স্কুলের প্রধান শিক্ষক কাজী ইদ্রিস আলী বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। এটি অব্যাহত থাকলে ছেলেবেলা থেকে শিশুরা নৈতিক শিক্ষা পেয়ে মা-বাবার প্রতি সঠিক দায়িত্ব-কর্তব্য পালন করবে।