গোপালগঞ্জে মেডিকেল কলেজ হোস্টেলে হামলা
গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ছাত্র হোস্টেলে বহিরাগতদের হামলায় চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ নিয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহত শিক্ষার্থী নুরুল আফসার, ইনজামামুল হক, আজিজার রহমান ও আলী আজগরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সবাই তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থীদের অভিযোগ, হামলার সময় বহিরাগতরা তাঁদের দুটি কক্ষ তছনছ করে। তাঁদের একটি ল্যাপটপ ও টাকা হামলাকারীরা নিয়ে গেছে। এ ঘটনায় মেডিকেল কলেজের পক্ষ থেকে গোপালগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনিচ সরকার জানান, তাঁরা মেডিকেল কলেজের পাশে বালির মাঠে ক্রিকেট খেলছিলেন। হাসপাতালের এমএলএসএস ফিরোজ শেখের ছেলে দশম শ্রেণীর শিক্ষার্থী সাদ্দাম তাঁদের সঙ্গে খেলতে চায়। কিন্তু মেডিকেল কলজের শিক্ষার্থীরা তাকে খেলায় নিতে না চাইলে বিরোধের সূত্রপাত হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে সাদ্দাম বহিরাগতদের নিয়ে মেডিকেল কলেজের হোস্টেলে হামলা চালায়। হামলাকারীরা নুরুল আফসার নামে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে মারধর ও অপহরণ করার চেষ্টা চালায়। এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। এ সময় হোস্টেলের ২০৮ এবং ২০৪ নম্বর কক্ষের আসবাব ভাঙচুর করে হামলাকারীরা। ২০৪ নম্বর কক্ষ থেকে একটি ল্যাপটপ ও টাকা নিয়ে যায়। এরপর কয়েক দফা দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘটনা দেখতে এসে প্রতিবেশী এক ব্যক্তি ইটের আঘাতে আহত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘এরপর আমাদের ওপর আবারও হামলা হতে পারে। নিরাপত্তা নিশ্চিত না করা হলে আমরা ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করব।’
সাদ্দামের মা রেসি বেগম অভিযোগ করেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতালের মধ্যে তাঁর কোয়ার্টারের বাইরে থেকে হামলা করে। ইটপাটকেল মেরে জানালার কাচ ভেঙে ফেলে। জোর করে ঘরে ঢোকার চেষ্টা করে। এ সময় তার মেয়ে ঘরের মধ্যে আতঙ্কে চিত্কার করতে থাকে।
শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন বলেন, ‘এ ঘটনায় শিক্ষার্থীদের কাছে আমার জবাব দেওয়ার কোনো ভাষা নেই। মেডিকেল কলেজের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে।’
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেছেন, মেডিকেল কলেজের পক্ষ থেকে দেওয়া অভিযোগ এজাহারভুক্ত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।