গোপালগঞ্জে মেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে ঐতিহ্যবাহী স্নান উৎসব উপলক্ষে আয়োজিত মহাবারুনী মেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের একজনের নাম পলাশ (৩৫)। তাঁর বাড়ি বাগেরহাটে। অন্য জনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।

ঘটনার প্রত্যক্ষদর্শী শরিফুল ইসলাম জানান, বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার গরম হয়ে যায়। এটি ঠান্ডা করতে পার্শ্ববর্তী একটি পুকুরের পাড়ে নেওয়া হয়। সিলিন্ডারে পানি দেওয়ার পর এ বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় আহত ফারুককে গোপালগঞ্জে ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত আরেকজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিয়ামুল হুদা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা রথীন্দ্রনাথ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুরের মহাবারুনীর এই স্নান উৎসবকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম ঘটে। আজ বুধবার ছিল উৎসবের প্রথম দিন।