গোপালগঞ্জে রেজাউল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব মানবাধিকার সংস্থা গোপালগঞ্জ শাখার প্রধান তদন্ত কর্মকর্তা যুবলীগের নেতা মো. রেজাউল করিমের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও অনশন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার সকালে গোপালগঞ্জ শহরে বিশ্ব মানবাধিকার সংস্থা গোপালগঞ্জ শাখার ব্যানারে এলাকাবাসী এসব কর্মসূচি পালন করে। সকালে শাহীন খানের গ্রামের বাড়ি সদর উপজেলার ভেড়ার বাজার থেকে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরে আসে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে তারা অনশন কর্মসূচি শুরু করে। দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন রেজাউল করিমের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আশ্বাস দিলে তারা অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেয়। অনশন চলাকালে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান, ভাইস চেয়ারম্যান বিএম লিয়াকত আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম, যুবলীগের সাধারণ সম্পাদক এমবি সাইফ বি, কাউন্সিলার জাহেদ মাহমুদ প্রমুখ। প্রসঙ্গত, ১২ মে রেজাউল করিম সদর উপজেলার ভেড়ার বাজারে নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন।