গোপালগঞ্জে শিক্ষককে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বড়ুয়া গ্রামের ডগলাস মেমোরিয়াল হাইস্কুলের শিক্ষক জোগেশ চন্দ বাইনকে গত শনিবার বখাটে যুবকেরা পিটিয়ে জখম করেছে। তিনি এখন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যদুনাথ মজুমদার জানান, জোগেশ চন্দ বাইনের মাথা ফেটে গেছে। তাঁর পিঠের আঘাতও গুরুতর। শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গত রোববার ওই স্কুলের শিক্ষার্থীরা কোটালীপাড়া উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দিয়েছে। শিক্ষক জোগেশ চন্দ বাইনের অভিযোগ, গত শনিবার তিনি স্কুলে যাওয়ার জন্য উপজেলার ঝুটিয়াবাড়ী বাসস্ট্যান্ডে পৌঁছালে সঞ্জিত হালদার (২১), রঞ্জিত হালদার (২৪), মহারাজ হালদার (৩০), বাবুল হালদার (২০) লাঠি দিয়ে পিটিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি বলেন, হামলার সময় তাঁর সঙ্গে কয়েকজন ছাত্রী ছিল। প্রতিদিনের মতো ওই দিনও হামলাকারী ব্যক্তিরা ছাত্রীদের উদ্দেশে বাজে মন্তব্য করেন। তিনি এর প্রতিবাদ করলে তাঁর ওপর হামলা চালানো হয়। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কাদের অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন মোল্লা এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির মাহমুদ বলেন, পুলিশকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।