গোপালগঞ্জে শিশু ধর্ষণের শিকার যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা সদরে গত মঙ্গলবার তৃতীয় শ্রেণির এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। মামলার আসামি জাহাঙ্গীর শেখকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। জাহাঙ্গীর শেখ অটোরিকশার চালক। তাঁর বাড়ি উপজেলা সদরের গিমাডাঙ্গা গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এজাহারের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার দুপুরে ওই শিশু জাহাঙ্গীরের ঘরে টেলিভিশন দেখতে যায়। তখন ঘরে আর কেউ ছিল না। এ সুযোগে জাহাঙ্গীর শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার করলে পাশের বাড়ি থেকে জাহাঙ্গীরের চাচি মনসুরা বেগম এসে শিশুটিকে উদ্ধার করেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, জাহাঙ্গীরকে গতকাল বুধবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেনারেল হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা করা হয়েছে।