গোপালগঞ্জে সংঘর্ষ, আহত ৫০
গোপালগঞ্জে গত সোমবার দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। সংঘর্ষের সময় বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্য এবায়দুল এবং ছবি তুলতে গিয়ে দৈনিক জনকণ্ঠ ও নিউ এইজ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি নিতীশ চন্দ্র বিশ্বাস ইটের আঘাতে আহত হন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গত রোববার রাত নয়টার দিকে শহরের মিয়াপাড়ার আমিনুল হক মোটরসাইকেলে করে যাওয়ার সময় গেটপাড়া এলাকার কয়েকজন যুবক তাঁকে কুপিয়ে আহত করে। ওই ঘটনা মীমাংসার জন্য মিয়াপাড়ার মুরব্বিরা বেদগ্রামে সালিস বৈঠকের জন্য গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। গত সোমবার সকাল নয়টার দিকে গেটপাড়া, বেদগ্রাম ও গোলাবাড়িয়া এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে মিয়াপাড়ায় হামলা চালান। তাঁরা অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর করেন। দুপুর একটা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষে আহত ৫০ জনের মধ্যে গুলিবিদ্ধরা হলেন: খায়রুল ইসলাম (৩২), আফজাল (১৮) ও রুবেল (১৮)। আহত ছাম্মিন শেখকে (১৯) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান বলেন, পূর্বশক্রতা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলিবর্ষণ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।