গোপালগঞ্জে সংঘর্ষ থামাতে গিয়ে ইউপি সদস্য খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এস এম আরকান কাজী (৫৫) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য খুন হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানিয়েছেন, ওই গ্রামে একটি বোরো ধানের ব্লকে সেচ ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নিয়ে দুই চাচাতো ভাই নজরুল খোন্দকার ও সাইদ খোন্দকারের মধ্যে বিরোধ চলে আসছিল। তাঁরা আগে যৌথভাবে ব্লক নিয়ন্ত্রণ করলেও সম্প্রতি সাইদ তাঁর অংশীদার নজরুলকে হটিয়ে এককভাবে এর দখল নেন। এরপর নজরুল লোকজন নিয়ে কয়েক দিন আগে সাইদের দখলে থাকা সেচ ব্যবস্থাপনার দখল পুনরুদ্ধার করেন। এ নিয়ে গত বুধবার উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে ব্লকের কৃষকেরা দুই দলে বিভক্ত হয়ে পড়েন। গতকাল বিকেলে সাইদ ও নজরুলের মধ্যে আবার বিতণ্ডা বাধলে গ্রামবাসী ও কৃষকেরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। গোপীনাথপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য এস এম আরকান কাজী সংঘর্ষ থামাতে যান। দুই পক্ষের মাঝখানে পড়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন তিনি। গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে আবদুল্লাহ, খায়ের মোল্লা, হান্নান মোল্লা, নোয়াব আলী ও আবুল মোল্লাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওসি বোরহান উদ্দিন বলেন, নিহত আরকান কাজীর ছেলে শাহ আলম থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।