গোপালগঞ্জে সংঘর্ষ ভাঙচুর, আহত ১৫
গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় গ্রামে গতকাল বুধবার দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। ভোজেরগাতী ও কাঠিগ্রামের লোকজন ওই গ্রামে হামলা চালালে এই সংঘর্ষ শুরু হয়।গতকাল সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে অবস্থান নিলে উভয় পক্ষ পিছু হটে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে খানারপাড় গ্রামের লুৎফর মোল্লার মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানের মেয়ের ভাই সাদ্দাম মোল্লা তাঁর বন্ধু কাঠিগ্রামের মোজা মোল্লাকে দাওয়াত করেন। তাঁকে দাওয়াত করায় খানারপাড় গ্রামের মিজান মোল্লার সঙ্গে সাদ্দাম মোল্লার কথা-কাটাকাটি হয়। দাওয়াতে আসায় মোজাকেও অপমান করেন মিজান মোল্লা। এ নিয়ে শনিবার সন্ধ্যায় তেলিগাতী ও খানারপাড়ের লোকজন কাঠিগ্রামের লোকজনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে টেঁটাবিদ্ধ পলাশ শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। গত মঙ্গলবার এলাকায় খবর আসে, পলাশ মারা গেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।সূত্র আরও জানায়, তেলিগাতী গ্রামের সাহদাত ও সুজন গতকাল বুধবার কাঠিবাজারে আসেন। এ সময় কাঠিগ্রামের লোকজন তাঁদের মারধর করে এবং সাহদাতকে কুপিয়ে জখম করে। এ খবর ছড়িয়ে পড়লে তেলিগাতী ও খানারপাড়ের লোকজন সংগঠিত হয়ে কাঠিগ্রামে হামলা চালায়। তারা নান্নু সরদার, ছিড়া শেখ ও এনজেল শেখের বাড়িতে ভাঙচুর করে। এ সময় তারা এনজেল শেখের বাড়ির কয়েকটি রাজহাঁস কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। বুধবার কাঠিগ্রামের লোকজন খানারপাড় বাজারে হামলা চালায়। এরপর হামলাকারীরা খানারপাড় গ্রামে ঢুকে পড়ে। সেখানে তারা বাড়িতে হামলা করার সময় গ্রামবাসী প্রতিরোধ করলে সংঘর্ষ বাধে। কাঠিগ্রামের পক্ষে ভোজেরগাতী গ্রামের লোকজন যোগ দেয়। সংঘর্ষে রামদা ও সড়কির কোপে অন্তত ১৫ জন আহত হয়। গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘ওই এলাকায় সংঘর্ষ নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা এটা বন্ধ করতে চাই। যারা সংঘর্ষের ঘটনায় জড়িত, তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি।’