ক্যারম খেলাকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাঠিবাজারে গত শনিবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়ি, বেশ কয়েকটি বাস ও ২০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় কাঠিবাজার রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শতাধিক সেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।সংঘর্ষে আহত ১৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এবং একজনকে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে আহত অনেকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সংঘর্ষের পর থেকে কাঠিবাজারের দোকানপাট বন্ধ রয়েছে। কাঠি, ভোজরগাতী ও তেলিগাতী গ্রামের অধিকাংশ পুরুষ এলাকা ছেড়েছেন।এদিকে ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করে সদর থানার উপপরিদর্শক (এসআই) মহসিন মল্লিক মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী গ্রামপুলিশ গোলাপ মোল্যা ও সদর হাসপাতালে ভর্তি হওয়া আহত ব্যক্তিরা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাঠিবাজারে ক্যারম খেলা নিয়ে তেলিগাতী গ্রামের রহিজ শেখের সঙ্গে কাঠি গ্রামের রহিজ মোল্যার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর ছড়িয়ে পড়লে কাঠি ইউনিয়নের চেয়ারম্যান তেলিগাতী গ্রামের মেজবাহ চৌধুরীর সমর্থক ও সাবেক চেয়ারম্যান কাঠি গ্রামের কামরুলের সমর্থকেরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শত শত লোক জড়ো করে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে কাঠি গ্রামের লোকজনের সঙ্গে মানিহার, রায়পাশা ও ভোজরগাতীর এবং তেলিগাতী গ্রামের লোকজনের সঙ্গে খানাপারের বাসিন্দারা সংঘর্ষে যোগ দেয়। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। সংঘর্ষের পর পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে গ্রেপ্তার অভিযান শুরু করে।কাঠিবাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক গাউজ মোল্যা জানান, শুরুতে তেলিগাতী গ্রামের দেড় শতাধিক লোক রামদা ও লাঠিসোঁটা নিয়ে বাজারে হামলা ও লুটপাট চালায়।গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই দলিল উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ সব মিলিয়ে শটগানের শতাধিক গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করেছে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, পুলিশ কাঠি ইউনিয়নের গ্রামে গ্রামে টহল এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।সহকারী পুলিশ সুপার সরদার রোকনুজ্জামান বলেন, ‘ঠিক কতটি গুলি ছোড়া হয়েছে, তা এখনো বলা যাচ্ছে না। গুলির হিসাব করার পর তা বলা যাবে।’ সংঘর্ষের সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর এবং সোয়েদ আলী, মো. আজাদ ও মহসিন মল্লিক নামের পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন।