গোপালগঞ্জে সংঘর্ষে ৩৫ জন আহত
গোপালগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর উত্তরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন টেটাবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে আহত ১৫ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন, রমজান সরদার, ইব্রাহীম সরদার, রশিদ শেখ, কাবুল শেখ, রবিউল সরদার, জাকির শেখ, মুনসুর শেখ, মো. কাবুল শেখ, মন্টু সরদার, হিরু সরদার, ঝন্টু সরদার, অহিদ সরদার, মুনসুর, মো. আনিচ, জাকির শেখ।প্রত্যক্ষদর্শী ওহিদ সরদার জানান, দুপুর ১২টার দিকে মাঝিগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকসুদ খার লোকজন সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান খান মুকুলের সমর্থক ওদুদ সরদারের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।